ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করেছে মালয়েশিয়া। আগামী বছরের ১ জানুয়ারি থেকে দেশটিতে প্রবেশের আগে ভারতীয় পাসপোর্টধারীদের বাধ্যতামূলকভাবে ভিসা সংগ্রহ করতে হবে। ফলে পর্যটন, ব্যবসা কিংবা সামাজিক প্রয়োজনে মালয়েশিয়া ভ্রমণে আগ্রহী ভারতীয়দের নতুন নিয়ম মেনে চলতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে এ সিদ্ধান্তের কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। এর আগে ১৭ নভেম্বর মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় নাগরিকেরা বিদ্যমান ভিসা অব্যাহতি সুবিধা পাবেন। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় প্রবেশের জন্য তাদের আগাম ভিসা নিতে হবে।
নতুন ব্যবস্থায় ভিসার আবেদনপ্রক্রিয়াও অনলাইনে সম্পন্ন করা যাবে। আগামী ১ ডিসেম্বর থেকে মালয়েশিয়া সরকারের MyVISA পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিকেরা। এ জন্য নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে। তবে ভিসার আবেদন বাতিল হলে কিংবা আবেদনকারী তাঁর ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করলেও জমা দেওয়া অর্থ ফেরত পাওয়া যাবে না।
২০২৩ সালের ডিসেম্বরে পর্যটন খাতে গতি আনতে ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছিল মালয়েশিয়া। এর আওতায় পর্যটন, ব্যবসা ও সামাজিক প্রয়োজনে দেশটিতে যাতায়াত করতে পারতেন তারা।
তবে এই সুবিধার ব্যবহার নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষও। গত সেপ্টেম্বরে কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন জানায়, উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় নাগরিক ভিসামুক্ত প্রবেশের সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়ায় চাকরি খুঁজতে যাচ্ছেন।
জ/দি