বিদেশে পালিয়ে থেকেও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে অবস্থান করেও তাদের সেই তৃষ্ণা আরও বেড়েছে। এ কারণে বিদেশে থেকেও তারা দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনাকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারতে পালিয়ে থেকে অনুচরদের মাধ্যমে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তিনি। তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। খুনিদের বিচার হবেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
কবর জিয়ারত কর্মসূচিতে রুহুল কবির রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁরা একসঙ্গে নিহত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে সোহেল ও শাহিনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কবরস্থানে উপস্থিত নিহতদের স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জ/শা