রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলাটির অভিযোগ গঠন শুনানিতে অংশ নিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরীমনি। তবে সেখানে গিয়ে জানতে পারেন, মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে স্থানান্তর করা হয়েছে। পরে তিনি সংশ্লিষ্ট আদালতে হাজিরা দেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাবের পক্ষ থেকে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ২০১৯-২০ অর্থবছরে তার নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হলেও পরবর্তী সময়ে সেটির মেয়াদ শেষ হয়ে যায়। এ ছাড়া মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখার অভিযোগ আনা হয় পরীমনির বিরুদ্ধে। মাদক পরিবহনে নিজের গাড়ি ব্যবহারের অভিযোগও রয়েছে অভিযোগপত্রে।
২০২২ সালের ৫ জানুয়ারি আদালত পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ওই আদেশ বাতিল চেয়ে পরে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ১ মার্চ হাইকোর্ট তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটির অভিযোগ গঠন বিষয়ে পুনরায় শুনানির প্রক্রিয়া শুরু হয়।
জ/দি