‘নিজেকে ভালোবাসো, একে-অপরের যত্ন নাও’, জন্মদিনে রুনা লায়লা

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-17T13:25:35+06:00
2026-11-17T13:25:35+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
‘নিজেকে ভালোবাসো, একে-অপরের যত্ন নাও’, জন্মদিনে রুনা লায়লা
বিনোদন ডেস্ক
⏲ ১:২৫ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- রুনা লায়লা
Advertisement
সংগীতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ের সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে ভালোবাসা ও কৃতজ্ঞতার বার্তা দিয়েছেন বরেণ্য এই শিল্পী।

জন্মদিন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, ‘সৃষ্টিকর্তার কাছ থেকে আমি গান গাওয়ার যে উপহার পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি পরিতৃপ্ত। তোমাদের জন্য আমি যেন আরও অনেক সময় ধরে গান করে যেতে পারি, এটাই চাওয়া।’

ভক্তদের উদ্দেশে ভালোবাসার বার্তা দিয়ে তিনি বলেন, ‘নিজেকে ভালোবাসো, একে-অপরকে ভালোবাসো। একে-অপরের যত্ন নাও। ধন্যবাদ সবাইকে।’

ভিডিও বার্তার পাশাপাশি একটি লিখিত বার্তাও প্রকাশ করেছেন রুনা লায়লা। সেখানে তিনি লিখেছেন, ‘প্রতি বছর এই দিনে, ঠিক রাত বারোটা বাজলেই মনে পড়ে যায়, জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল, বয়স আরও এক বছর বাড়ল। কিন্তু সেই সঙ্গে কি একটু বেশি জ্ঞানীও হলাম? কে জানে! তবে একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, আর তা হলো-তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো! এত ফোন, এত মেসেজ, এত দোয়া আর শুভকামনা! আমি সত্যিই ভীষণ, ভীষণ ভাগ্যবতী যে সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর, অসাধারণ একটা জীবন উপহার দিয়েছেন। এই আশীর্বাদকে আমি কখনোই স্বাভাবিক বা অবধারিত বলে মনে করি না। প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।’

বার্তার শেষাংশে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে তাদের সঙ্গে আরও অনেক জন্মদিন কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেন এই শিল্পী।

১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তার পৈতৃক বাড়ি রাজশাহীতে। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা সংগীতশিল্পী। মামা সুবীর সেনও ছিলেন বিখ্যাত সংগীতশিল্পী। ফলে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠেন তিনি।

বাবার চাকরির সুবাদে মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে পাকিস্তানের লাহোরে চলে যান রুনা লায়লা। সেখানেই শুরু হয় তার সংগীতচর্চা এবং শিল্পী হিসেবে আত্মপ্রকাশ।

১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘জুগনু’-তে ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গানটির মাধ্যমে প্লেব্যাক গানে অভিষেক হয় তার। একই সময়ে পাকিস্তান টেলিভিশনেও গান শুরু করেন। ষাটের দশকে উর্দু সিনেমা ও পাকিস্তানি টেলিভিশনে নিয়মিত গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সে সময় পাকিস্তানের প্রভাবশালী গায়িকাদের মধ্যে প্রথম সারিতে ছিল তার নাম।

সত্তরের দশকের শুরুতে বাংলা ও হিন্দি গানে যাত্রা শুরু করেন রুনা লায়লা। বলিউডেও অসংখ্য গান গেয়েছেন তিনি। তার কণ্ঠে ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’ ও ‘দমা দম মাস্ত কালান্দার’ গান দুটি বিশেষ জনপ্রিয়তা পায়। বাংলা সিনেমায় গান শুরু করার পর প্রথম দিকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হলেও নিজের গান ও কণ্ঠের শক্তিতে সেসব বাধা অতিক্রম করেন তিনি।

বাংলা, হিন্দি ও উর্দু ছাড়াও পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বেলুচ, আরবি, ফারসি, মালয়, নেপালি, জাপানি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজিসহ মোট ১৭টি ভাষায় গান করেছেন রুনা লায়লা। সব মিলিয়ে তার গানের সংখ্যা ১০ হাজারের বেশি বলে জানা যায়।

গান রেকর্ডিংয়েও রয়েছে তার বিশ্বরেকর্ড। সুরকার নিসার বাজমির সুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে প্রতিদিন ১০টি করে মাত্র তিন দিনে ৩০টি গান রেকর্ড করেন তিনি। পরে এই রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।

সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতবার শ্রেষ্ঠ গায়িকা এবং একবার শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। এ ছাড়া দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। ভারত ও পাকিস্তান থেকেও পেয়েছেন বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননা।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত