ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যবসা-প্রতিষ্ঠানে ডিলিং লাইসেন্স না থাকায় চার ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারে অভিযান চালিয়ে পৃথক চারটি মামলায় এ জরিমানা করা হয়।
নবীনগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। অভিযানকালে ব্যবসা-প্রতিষ্ঠান গুলোতে প্রয়োজনীয় ডিলিং লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয় এবং মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও নির্দেশনা মেনে চলা সবার দায়িত্ব। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণসহ সব ধরনের সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানাচ্ছি।
অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, বাজার মনিটরিং ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, পণ্যের সঠিক ওজন এবং মেয়াদ যাচাই করা হয়। পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।