ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ভোলা শহরের কে জাহান মার্কেটের সামনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ভোলা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ ব্যবসায়ী তথা ফার্মাসিস্টদের স্বার্থ রক্ষা এবং ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় সমিতির সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নেওয়া সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ভোলা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মিলন, উপজেলা সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সাধারন সম্পাদক মোঃ মিজানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ঔষধ ব্যবসায়ীরা।
এ সময় বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।