পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি জিপ গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। এ সময় তাঁরা পুলিশের গাড়িটিতে আগুন ধরিয়ে দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকদের আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।
এদিকে, গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে নিশ্চিত করেন তিনি।
শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সকালে ঘটনাস্থলে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মঙ্গলবার সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি দেখতে তিনি গাড়ি নিয়ে সেখানে যান। একপর্যায়ে গাড়ি থেকে নামার পর মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন।
এ সময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে হঠাৎ সাধারণ মানুষের ভিড়ের মধ্যে গাড়িটি আটকে পড়ায় সেটি আর সরানো সম্ভব হয়নি বলে জানান তিনি।
উপ-পুলিশ কমিশনার আরও বলেন, তাঁরা আগে থেকেই তাঁর গাড়িটিকে লক্ষ্যবস্তু করে রেখেছিলেন। একপর্যায়ে গাড়িটিতে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় তিনি নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন।
জ/শা