১৯ যাত্রী নিয়ে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজের পরীক্ষামূলক উড্ডয়ন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-11-17T12:42:17+06:00
2026-11-17T12:42:17+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
প্রযুক্তি
১৯ যাত্রী নিয়ে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজের পরীক্ষামূলক উড্ডয়ন
তথ্যপ্রযুক্তি ডেস্ক
⏲ ১২:৪২ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বৈদ্যুতিক উড়োজাহাজে যাত্রী পরিবহনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক উড়োজাহাজ ‘সিই-২৫এ’ প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাত্রার উপযোগী এই উড়োজাহাজে সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহন করা যাবে।

শনিবার চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে উড়োজাহাজটির পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালিত হয়। এটি নির্মাণ করেছে দেশটির কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক)। পরীক্ষামূলক উড্ডয়নে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন।

মোট ৫৭ মিনিট ৪৬ সেকেন্ডের পরীক্ষায় উড়োজাহাজটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে অবস্থান করে। এ সময় এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।

কোম্যাকের এক বিবৃতিতে জানানো হয়েছে, পরীক্ষার পুরো সময় উড়োজাহাজটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে এবং পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়েছে। সিই-২৫এ প্রতিষ্ঠানটির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। এক শহর থেকে অন্য শহরে সর্বোচ্চ ১৯ জন যাত্রী পরিবহনের লক্ষ্য নিয়ে এটি তৈরি করা হয়েছে।

উড্ডয়নের সময় উড়োজাহাজটির সর্বোচ্চ ওজন হবে ১০ মেট্রিক টন। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এর সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা ২ হাজার ৪০০ মিটার। একবার ব্যাটারি সম্পূর্ণ চার্জ দিলে সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে উড়োজাহাজটি।

সিই-২৫এ-এর ডানায় বিশেষ প্রযুক্তির সমন্বিত বৈদ্যুতিক পাখা চালনা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে আকাশে উড়তে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা হয়। পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়নের আগে চালকবিহীন অবস্থায়ও উড়োজাহাজটির একাধিক পরীক্ষা চালানো হয়েছে। গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে এটি। নির্মাণের বিভিন্ন পর্যায়ে এ ধরনের মোট ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হয়েছে।

প্রকল্পটির সঙ্গে কোম্যাক ছাড়াও যুক্ত রয়েছে চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং দেশটির আরও কয়েকটি প্রতিষ্ঠান ও অংশীদার।

পরীক্ষামূলক উড্ডয়নে সফলতার পর সিই-২৫এ-এর বাণিজ্যিক যাত্রী পরিবহনের অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কোম্যাক জানিয়েছে, চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে উড়োজাহাজটির সনদের আবেদন গ্রহণ করেছে।

বড় বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজের জন্য নির্ধারিত চীনের ‘সিসিএআর-২৫’ উড্ডয়নযোগ্যতা নীতিমালা অনুসরণ করে তৈরি হচ্ছে সিই-২৫এ। ফলে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করার আগে উড়োজাহাজটিকে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও অনুমোদনের সব ধাপ সম্পন্ন করতে হবে।

সিই-২৫এ বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করতে পারলে স্বল্প দূরত্বের আকাশপথে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বৈদ্যুতিক উড়োজাহাজ ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে পরিবহন খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত