বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস ও মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। এ বিপর্যয়ের প্রভাব পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবাতেও।
মাইক্রোসফট জানিয়েছে, এই বিপর্যয় সাইবার নিরাপত্তার কারণে ঘটেনি। তবে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। সমস্যা সমাধামে এখন পর্যন্ত খুব একটা সাফল্য আসেনি।
যেসব অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঠিক কী সমস্যা হয়েছিল। এ সম্পর্কে আমরা যা জানি।
কী ঘটেছিল
মাইক্রোসফট ৩৬৫, টিমস, আউটলুক ৩৬৫ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার ক্যাপিলটসহ বেশ কয়েকটি পরিষেবায় সমস্যা ছিল।
গ্রাহকরা সেবা ব্যবহারে বিভিন্ন ধরনের সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই ই-মেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না। আবার কেউ কেউ নির্দিষ্ট কিছু ফাইল বা ক্যালেন্ডার অ্যাপের তথ্য দেখতে পাচ্ছেন না। তবে কিছু ব্যবহারকারী টিমসে কাজ করতে পারছেন বলে জানিয়েছেন। কোনো সমস্যা ছাড়াই মেসেজিং ও অনলাইন মিটিংয়ের সুবিধাগুলো ব্যবহার করছেন তারা।
বিশ্বে কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হন
মাইক্রোসফট ওয়েব সাইটের তথ্য বলছে, বিশ্বের ৪৩ কোটি মানুষ মাইক্রোসফট ৩৬৫ অ্যাপস ব্যবহার করেন। কতজন ব্যবহারকারী সমস্যায় পড়েন তা নিশ্চিত হওয়া যায়নি। ওয়েবসাইট মনিটরিং প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৭৪টি দেশের এক লাখ ৪০ হাজার ব্যবহারকারী আউটলুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।
তবে ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত সংখ্যা সম্ভবত অনেক বেশি। কারণ, ডাউনডিটেক্টর মূলত ব্যবহারকারীদের নিজেদের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে।
বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানিও মাইক্রোসফট ৩৬৫ ব্যবহার করে থাকে। এর ফলে বিপর্যয়ের প্রভাব অন্যান্য পরিষেবার ওপরও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি জায়ান্ট ওপেনএআই ও অ্যানথ্রোপিক—উভয়ই বিভ্রাটের ফলে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছে।
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের পরিষেবাগুলোর সঙ্গে তাদের সংযোগে একটি সমস্যা দেখা দিয়েছে। ফলে কিছু টুল প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না; বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে।
সিঙ্গাপুর সরকার ও অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাসহ সরকারি বিভিন্ন সংস্থা ও পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো যুক্তরাজ্যজুড়ে জিপি সার্জারি, ফার্মেসি, পুলিশ ও স্কুলগুলো বিভ্রাটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিছু জিপি সার্জারি রোগীদের অনুরোধ করেছে- সমস্যা চলাকালে তারা ওয়েবসাইটের মাধ্যমে কোনো বার্তা না পাঠায়। অন্যদিকে, পুলিশের বেশ কয়েকটি সংস্থা সাধারণ মানুষকে কোনো অভিযোগ জানাতে চাইলে ফোন করার আহ্বান জানিয়েছে।
মাইক্রোসফট কী বলেছে?
মাইক্রোসফট সাইবার হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। চলমান বিভ্রাটের কারণ হিসেবে তাদের অবকাঠামোর ওপর ‘অতিরিক্ত চাপ’কে দায়ী করেছে।
এই পরিভাষা এমন একটি পরিস্থিতিকে বোঝায়, যখন সার্ভারগুলো তাদের স্বাভাবিক সক্ষমতার তুলনায় অনেক বেশি চাপের সম্মুখীন হয়।
মাইক্রোসফটের বিভ্রাটের ঘটনায় বিপুলসংখ্যক সার্ভার হঠাৎ করে অকার্যকর হয়ে পড়েছিল। এর ফলে অবশিষ্ট সার্ভারগুলোর ওপর বাড়তি ট্রাফিকের চাপ পড়ে, যা সেগুলোকে চাপের মুখে ফেলে দেয়।
আজ শুক্রবার সকালে মাইক্রোসফট জানিয়েছে, ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। তবে পরিষেবার সক্ষমতা ‘এখনও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেনি।’
বিশেষজ্ঞরা কী বলছেন?
অস্ট্রেলীয় সাইবার-নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট বিবিসিকে বলেছেন যে, এই বিভ্রাটের সুদূরপ্রসারী পরিণতি হতে পারে। তিনি বলেন, মাইক্রোসফট ইন্টারনেটের কাঠামোর একটি বিশাল অংশ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, ই-মেইল এখনো কতটা গুরুত্বপূর্ণ।
ট্রয় হান্ট বলেন, এই বিভ্রাট কেবল মানুষের কাজ করার সক্ষমতাকেই ব্যাহত করছে না। বরং এর ফলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করা, যাচাইকরণের প্রয়োজন হয় এমন কেনাকাটা করা, কিংবা বিভিন্ন অ্যাকাউন্ট ও পরিষেবা তৈরি বা ব্যবহার করার মতো বিষয়গুলোও বাধাগ্রস্ত হচ্ছে।
নিউজিল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘গরিলা টেকনোলজি’র পল স্পেন জানিয়েছেন, ই-মেইল ও অন্যান্য পরিষেবা অকার্যকর হয়ে পড়ায় কোম্পানিগুলোর কার্যত ‘একটি কর্মদিবস নষ্ট হয়েছে। যা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ‘হতাশাজনক’।
জ/বা