চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণা হবে আজ মঙ্গলবার। নিম্ন আদালতে মাত্র ১৯ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর এবার উচ্চ আদালতেও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে। দ্রুত বিচারপ্রক্রিয়ার কারণে মামলাটি দেশের বিচার বিভাগের ইতিহাসে বিশেষ দৃষ্টান্ত হয়ে রয়েছে।
রাজধানীর পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সাত বছর বয়সী শিশু রামিসার খণ্ডিত মরদেহ। মামলার অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় শিশুটিকে ধর্ষণ করেন। পরে অপরাধ আড়াল করতে রামিসাকে গলাকেটে হত্যা করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।
এ সময় পাশের নিজ ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তারের কানে শিশুটির আর্তনাদ পৌঁছালেও সেটি যে তার নিজের সন্তানের, তা তিনি বুঝতে পারেননি।
নৃশংস এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার তদন্তে পুলিশ প্রথমে সহযোগী আসামি স্বপ্না আক্তারকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আলোচিত এ মামলার তদন্ত দ্রুত শেষ করে পুলিশ। ঘটনার মাত্র ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলাটি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন এক দিনেই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন আদালত।
এরপর হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায়, ৭ জুন ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
নিম্ন আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং আসামিদের করা জেল আপিল হাইকোর্টে পাঠানো হয়। মামলাটির গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে উচ্চ আদালতে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির উভয়পক্ষের চূড়ান্ত শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন। ফলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের সিদ্ধান্ত কী আসে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
দ্রুত তদন্ত, বিচার এবং উচ্চ আদালতে শুনানি সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে মামলাটি দেশের বিচারপ্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
জ/দি