ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

প্রবাস ডেস্ক

প্রবাস

2026-11-15T13:25:50+06:00
2026-11-15T13:25:50+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
প্রবাস
ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে
প্রবাস ডেস্ক
⏲ ১:২৫ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
বাংলাদেশিসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের কোটা নির্ধারণ করেছে ইতালি সরকার। দেশটির কৃষি, পর্যটন, গৃহস্থালি পরিচর্যা ও অন্যান্য খাতে এসব কর্মী নেওয়া হবে।

ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় এ কোটা নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের জন্য বরাদ্দ করা কোটার মধ্যে ১৪ হাজার জন কাজ করবেন পারিবারিক পরিচর্যা খাতে।

আবেদন করবেন যেভাবে

ইতালিতে কাজের জন্য বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাধারণত দেশটির ‘ফ্লো ডিক্রি’র আওতায় করা হয়। এ প্রক্রিয়ায় অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হয়।

ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী প্রবেশের আবেদনের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদনসংক্রান্ত তথ্য পূরণ করতে হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টালে।

তবে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব নিয়োগকর্তার। অর্থাৎ, ইতালির কোনো বৈধ নিয়োগকর্তাকে বিদেশি কর্মী নিয়োগের প্রস্তাব দিয়ে আবেদন করতে হবে। এ সময় চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামা, পাসপোর্টের কপি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের তথ্য জমা দিতে হবে।

বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

বিদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে ইতালিতে বিশেষ প্রশিক্ষণ প্রকল্পও নেওয়া হয়েছে। এসব প্রকল্পের আওতায় প্রশিক্ষণের সব খরচ বহন করবে সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে প্রশিক্ষণার্থীদের এ জন্য কোনো অর্থ দিতে হবে না।

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ নেই। কেউ মধ্যস্থতার জন্য অর্থ লেনদেন করলে তাকে ভিসা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ

রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় প্রশিক্ষণ প্রকল্পগুলো পরিচালিত হচ্ছে। এসব প্রকল্প সম্পূর্ণভাবে নিয়োগদাতা প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে তৈরি করা হয়।

প্রথমে ইতালির যেসব প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন, সেসব প্রতিষ্ঠান তাদের চাহিদা নির্ধারণ করবে। পরে সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

মধ্যস্বত্বভোগীদের থেকে সতর্ক থাকার পরামর্শ

ইতালিতে কাজের সুযোগকে কেন্দ্র করে প্রতারণার আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ভিসা নিশ্চিত করা বা চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তা এড়িয়ে চলতে হবে।

আগ্রহীদের আবেদনসংক্রান্ত তথ্যের জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে। নির্ধারিত কোটা থাকলেই সরাসরি ভিসা পাওয়া যাবে না। বৈধ নিয়োগকর্তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়াও বাধ্যতামূলক।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত