দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে সোনার দাম। সর্বশেষ শনিবার (১৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আরও ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে পাঁচ দফায় মূল্যবান এই ধাতুর দাম ভরিপ্রতি কমেছে ১২ হাজার ৭২ টাকা।
নতুন দর অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়। রোববার (১৫ নভেম্বর) সারা দেশে এই দামেই সোনা বেচাকেনা হচ্ছে।
বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায়।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছিল বাজুস। এতে ওই দিন এ ক্যাটাগরির প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
এর আগের দিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করে বাজুস।
এ ছাড়া ১১ নভেম্বর সকালেও সোনার দাম কমিয়েছিল সংগঠনটি। সেদিন ভরিপ্রতি ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে ৬ নভেম্বর একই ক্যাটাগরির সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।
সব মিলিয়ে পাঁচ দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে কমে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায় নেমেছে। অর্থাৎ ভরিপ্রতি দাম কমেছে ১২ হাজার ৭২ টাকা।
সর্বশেষ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
জ/শা