গত অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। তবে এক অর্থবছরের ব্যবধানেই কেন্দ্রীয় ব্যাংকের অবস্থানে পরিবর্তন এসেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ডলারের চাহিদা ও বাজার পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে এখন পর্যন্ত প্রায় ৪২ কোটি ডলার বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় ৫৭০ কোটি ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। বিপরীতে চলতি অর্থবছরের ১৪ নভেম্বর পর্যন্ত বিক্রি করেছে প্রায় ৪২ কোটি ডলার। অর্থাৎ আগের অর্থবছরে বাজার থেকে ডলার সংগ্রহ করলেও এবার বাজারে ডলার সরবরাহ করতে হচ্ছে বাংলাদেশ ব্যাংককে।
কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা প্রতিবেদনেও একই চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাজার থেকে ৫৭০ কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময়ে রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করা হয়নি। অন্যদিকে, চলতি অর্থবছরে ১৪ নভেম্বর পর্যন্ত বিক্রি করা হয়েছে ৪২ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এ অবস্থান পরিবর্তনের পেছনে বৈদেশিক মুদ্রাবাজারে চাহিদা ও সরবরাহের পরিবর্তনকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। গত অর্থবছরে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছিল। ফলে বিনিময় হারে অযাচিত অস্থিরতা ঠেকাতে বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়ানোর সুযোগ তৈরি হয়।
তবে চলতি অর্থবছরে পরিস্থিতিতে নতুন চাপ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি এবং আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় ডলারের চাহিদা বেড়েছে। এ পরিস্থিতিতে বিনিময় হার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেইন খান এনপিবি নিউজকে বলেন, বাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই সীমিত পরিসরে ডলার বিক্রি করা হয়েছে। তবে রিজার্ভের অবস্থাও ভালো রয়েছে বলে জানান তিনি।
এদিকে ডলারের চাহিদা বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্যাংকার। তাঁদের মতে, দেশে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড পর্যায়ে থাকলেও ডলারের বাজারে অস্থিরতা তৈরি হওয়ার কথা নয়। বিশেষ করে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ৪ শতাংশের ঘরে এবং শিল্পের প্রয়োজনীয় পণ্যের আমদানি কমে যাওয়ার পরও ডলারের বাড়তি চাহিদা কেন তৈরি হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
উল্লেখ্য, ২০২০ সালের জুনের পরবর্তী পাঁচ বছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে মোট ৩ হাজার ৫৩৫ কোটি ডলার বিক্রি করেছিল। একই সময়ে বাজার থেকে কিনেছিল ১ হাজার ২৩৩ কোটি ডলার। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখে কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের সেপ্টেম্বরে আবারও ডলার বিক্রি শুরু করে প্রতিষ্ঠানটি।
জ/দি