গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বিশ্বাস করে। তাই কোনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ বা তাতে হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিজেসির পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলো আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত অধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন, পোশাকশ্রমিকেরা নিজেদের বেতন-ভাতার দাবিতে সোচ্চার হতে পারলেও সাংবাদিকেরা অনেক সময় নিজেদের দাবি তুলে ধরতে পারেন না। এমনকি এসব দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করার সুযোগও তাঁদের থাকে না।
ফাহিম আহমেদ আরও বলেন, টেলিভিশন খাতে সাংবাদিকদের বেতন-ভাতা তুলনামূলক কম। এ মাধ্যমটি পুরোপুরি বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল। এ পরিস্থিতিতে ডিজিটাল সম্প্রচারের আগে কেবল অপারেটররা গ্রাহকদের কাছ থেকে যে অর্থ পান, তার একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার ব্যবস্থা করতে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ সময় গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন বিজেসির চেয়ারম্যান।
জ/দি