শিক্ষাকে কর্মসংস্থানমুখী করার তাগিদ রাষ্ট্রপতির

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-10T15:34:31+06:00
2026-11-10T15:34:31+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
শিক্ষাকে কর্মসংস্থানমুখী করার তাগিদ রাষ্ট্রপতির
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৩৪ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনযাত্রা, অর্থনীতি এবং কর্মসংস্থানের প্রচলিত ধারণায় বড় পরিবর্তন আনছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জীবপ্রযুক্তি ও রোবোটিকসসহ নতুন নতুন প্রযুক্তির বিকাশ কর্মজগতের চিত্র বদলে দিচ্ছে। বর্তমানে যে জ্ঞান ও দক্ষতা দিয়ে কাজ করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে সেই কাজের জন্যও নতুন ধরনের দক্ষতার প্রয়োজন হতে পারে।

এ পরিস্থিতিতে কেবল ডিগ্রি অর্জনই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত নতুন কিছু শেখার আগ্রহ ও মানসিকতা তৈরি করতে হবে। পাশাপাশি স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।

সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাদের এ সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও অধ্যবসায়। এ অর্জনে অনুপ্রেরণা ও সহযোগিতা দেওয়ার জন্য সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং পরিবারের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

২০২৪ সালে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

গ্র্যাজুয়েটদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়; বরং এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে এটি নতুন দায়িত্ব গ্রহণ এবং অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে ব্যবহারের অঙ্গীকার। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।

উচ্চশিক্ষার গুণগত মান প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয় কিংবা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে শিক্ষার সাফল্য নির্ধারণ করা যায় না। শিক্ষার মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানের সুযোগই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি।

তিনি বলেন, গত দেড় দশকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে এবং সম্ভাবনাময় বিশাল তরুণ সমাজের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়েছেন। এর ফলে ব্যক্তি ও দেশের মেধা এবং সম্ভাবনার ব্যাপক অপচয় হয়েছে।

রাষ্ট্রপতি আরও বলেন, অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিরিক্ত মুনাফা অর্জনের কেন্দ্রে পরিণত করা হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

দেশের শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধারায় বিভক্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার সুযোগ, গুণগত মান এবং অর্জিত দক্ষতার ক্ষেত্রে ব্যাপক বৈষম্য ও বিভাজন বিদ্যমান। এ সমস্যার গ্রহণযোগ্য সমাধান জরুরি। বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় সাধন করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তবে এ অগ্রযাত্রায় দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য ভুলে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। নিজেদের শিকড়ের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখে বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণের আহ্বান জানান।

উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম তৈরি এবং বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। শুধু তাত্ত্বিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে।

তিনি বলেন, উচ্চশিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং গবেষণালব্ধ জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানো।

এ প্রসঙ্গে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের গবেষণামূলক কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি ভৌতবিজ্ঞান, মাইক্রোবায়োলজি এবং বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখছে। এ অর্জন প্রশংসনীয়। ভবিষ্যতে শিক্ষার গুণগত মান, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্র আরও সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও সামগ্রিক বিকাশে বিশ্ববিদ্যালয়টি আরও গুরুত্ব দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তি মানুষের সামনে অভূতপূর্ব সম্ভাবনার সুযোগ তৈরি করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল করে না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়েও সচেতন থাকতে হবে।

তিনি বলেন, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার কোনো বিকল্প হতে পারে না।

সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আজকের আয়োজন তাদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি নতুন দায়িত্বও অর্পণ করছে। শুধু সনদনির্ভর জ্ঞান দিয়ে ব্যক্তি কিংবা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা, গভীর দেশপ্রেম এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ।

তিনি বলেন, অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষের শ্রম ও অবদানের ওপরই দেশের অর্থনীতি সচল থাকে এবং জীবনের চাকা এগিয়ে চলে। তাই সাফল্যের প্রকৃত মূল্যায়ন শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক হিসেবে সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং সততা ও নৈতিকতা সমুন্নত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, গ্র্যাজুয়েটদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের মধ্য দিয়েই একটি জ্ঞানভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

বক্তব্যের শেষ পর্যায়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন রাষ্ট্রপতি। পাশাপাশি সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত