দণ্ডপ্রাপ্ত ও দেশের বাইরে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তির ন্যূনতম দুই বছরের সাজা হলে তাকে আর পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। সে হিসেবে পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার নামে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো অবকাশ নেই।
তিনি আরও বলেন, কোনো দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলার সময় তিনি বিচারপ্রক্রিয়ায় অংশ নেননি উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, তিনি বিচার মোকাবিলা করতে আদালতে আসেননি। রায় প্রকাশের পরও আপিল করেননি। ভবিষ্যতে তার আপিল করার আইনগত সুযোগও নেই বলে জানান তিনি।
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে। সেখানে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন করা হয়েছে। বিষয়টিকে পররাষ্ট্রমন্ত্রী যথার্থভাবেই হাস্যকর বলেছেন।
আমিনুল ইসলাম বলেন, যিনি পাসপোর্ট চাইছেন, তিনি নিজে আবেদন করেননি। এমনকি তার দল কিংবা নেতাকর্মীদের পক্ষ থেকেও কোনো আবেদন করা হয়নি। আবেদনটি করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান।
শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, তিনি ভারতে আছেন—এমন কোনো আনুষ্ঠানিক দলিলপত্র এখন পর্যন্ত তাদের হাতে আসেনি। তবে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে তাকে নিজেই ভারত সরকারের কাছে লিখিতভাবে বিষয়টি জানাতে হবে। তবে এখন পর্যন্ত তিনি ভারত সরকারের কাছে এ ধরনের কোনো লিখিত আবেদন করেছেন বলে তাদের জানা নেই।
শেখ হাসিনার নামে প্রচারিত বক্তব্য প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার নিজের কোনো বক্তব্য এখন পর্যন্ত তারা পাননি। বিভিন্ন সময়ে যেসব অডিও বক্তব্য সামনে এসেছে, সেগুলো আদৌ তার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনার কখনোই প্রকৃত অর্থে বাংলাদেশে ফেরার সদিচ্ছা ছিল না, এখনও নেই। দেশে ফেরার ইচ্ছা থাকলে মামলা চলাকালে তিনি দেশে এসে বিচার মোকাবিলা করতেন। একইভাবে রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে দেশে ফিরে আপিল দায়ের করতে পারতেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, সত্যিকার অর্থে দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন জানানো উচিত। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানানোই হবে এ ক্ষেত্রে সঠিক পন্থা।
এ সময় শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ তুলে চিফ প্রসিকিউটর বলেন, তিনি আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশ ছেড়ে চলে গেছেন এবং নিরীহ নেতাকর্মীদের বাংলাদেশে রেখে গেছেন। তাদের বিষয়ে তিনি চিন্তা করেননি বলেও মন্তব্য করেন আমিনুল ইসলাম।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের বিপদের মুখে ফেলতে পারে-এমন কোনো অপতৎপরতা চালানো হলে সেটি শেখ হাসিনার জন্য রাজনৈতিক ও দলগতভাবে আরেকটি ভুল সিদ্ধান্ত হতে পারে।