সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো জটিলতা দেখছে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ও সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তি এবং প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এ অবস্থানের কথা জানান।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা কেবল সাধারণ কোনো অপরাধে অভিযুক্ত নন; তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। ১০০ বা ৫০০ জনকে হত্যার ঘটনা এক ধরনের অপরাধ হলেও মানবতাবিরোধী অপরাধের বিষয়টি সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের সংবিধানেও মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণ মৌলিক মানবাধিকারের সুরক্ষা স্থগিত বা রহিত থাকার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, ভারত সরকারের পক্ষ থেকে অতীতে এ বিষয়ে আইনি জটিলতার কথা বলা হয়েছে। তবে শেখ হাসিনা নিজেই বারবার দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে আসছেন। এ অবস্থায় আইনি জটিলতা কিংবা আদালতের দীর্ঘসূত্রতার বিষয়টি সামনে আসার কথা নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে তাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, একটি ল' ফার্মের মাধ্যমে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। তাই এ বিষয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই।
ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ বিচারিক প্রক্রিয়ার নিয়মিত অংশ। যথাসময়েই এ প্রক্রিয়া সম্পন্ন হবে।
উপদেষ্টা আরও বলেন, সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও আইনি প্রক্রিয়া অনুসরণ করাই সরকারের প্রধান লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত পদ্ধতিতে নয়, বরং প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
জ/দি