মগড়া নদী উদ্ধারের নামে জমির মালিকদের হয়রানির অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-08T18:55:13+06:00
2026-11-08T18:55:13+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মগড়া নদী উদ্ধারের নামে জমির মালিকদের হয়রানির অভিযোগ
নেত্রকোণা প্রতিনিধি
⏲ ৬:৫৫ পিএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
ছবি- নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের উদ্যোগকে কেন্দ্র করে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। তাঁদের অভিযোগ, নদী উদ্ধারের নামে হয়রানি বন্ধ, স্বচ্ছ জরিপ এবং প্রকল্পের ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশের দাবিতে তাঁরা সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (৮ নভেম্বর) সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভূমির মালিকেরা এসব অভিযোগ তুলে ধরেন। তাঁদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিছু কর্মকর্তার সহযোগিতায় একটি প্রভাবশালী চক্র নদী খনন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের চেষ্টা করছে। পাশাপাশি সিএস নকশার ভিত্তিতে বৈধ জমির মালিকদের উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৫ সালের মে মাসে পাউবোর কর্মচারীরা কোনো ধরনের পূর্বনোটিশ না দিয়েই নদীতীরবর্তী বসতবাড়ি ও দোকানপাটে গিয়ে সিএস নকশা অনুযায়ী জমি পরিমাপের চেষ্টা করেন। এ ঘটনার প্রতিবাদে ওই বছরের ২২ মে তৎকালীন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর গণস্বাক্ষরসংবলিত আবেদন জমা দেওয়া হয়।

এদিকে মগড়া নদীর সীমানা নির্ধারণ ও দখলমুক্ত করার বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিট পিটিশন ৫১৬১/২০২৫ বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। ভূমির মালিকদের বক্তব্য, বিআরএস রেকর্ড অনুযায়ী বৈধভাবে কেনা এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি কেবল সিএস নকশার ভিত্তিতে উচ্ছেদের উদ্যোগ আইনসম্মত নয়।

নদী খনন প্রকল্পের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। লিখিত বক্তব্যে বলা হয়, ১৫৫ কিলোমিটার দীর্ঘ মগড়া নদীর মাত্র ৪১ কিলোমিটার খনন করা হলে উজান ও ভাটির অবশিষ্ট ১১৪ কিলোমিটার অংশে পলি জমে খনন করা অংশ পুনরায় ভরাট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রকল্পের প্রত্যাশিত সুফল না পাওয়ার পাশাপাশি সরকারি অর্থ অপচয়ের ঝুঁকিও তৈরি হতে পারে।

এ ছাড়া নদী ১ দশমিক ৫ থেকে ২ মিটার গভীর করে খনন করা হলে সাতপাই, মোক্তারপাড়া, কাটলী ও আরামবাগ এলাকার জনবসতি ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ভূমির মালিকেরা। তাঁদের ভাষ্য, পৌর এলাকায় নদীর দুই তীরে প্রায় ১৪ কিলোমিটার জায়গা থাকলেও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে মাত্র ৮০০ মিটার করে। এ পরিকল্পনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

সংবাদ সম্মেলন থেকে বৈধ জমির মালিকদের হয়রানি ও উচ্ছেদের উদ্যোগ বন্ধ, সিএস, এসএ, আরএস ও বিআরএসসহ ভূমির সব রেকর্ড বিবেচনায় নিয়ে স্বচ্ছ জরিপ পরিচালনা এবং প্রকল্পের ডিপিপি, ব্যয় ও দরপত্রসংক্রান্ত তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়। একই সঙ্গে নদী খননের কারিগরি ও পরিবেশগত প্রভাব যাচাইয়ের জন্য স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের আহ্বান জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিজানুর রহমান ইমন। এ সময় আজহার খান আবু, মো. আলাউদ্দিন, জামাল উদ্দিন খানসহ নদীতীরবর্তী জমির অন্যান্য মালিক উপস্থিত ছিলেন।

ভূমির মালিকেরা জানান, তাঁরা মগড়া নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগের বিরোধী নন। তবে নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের হয়রানি কিংবা সরকারি অর্থের অপচয় কোনোভাবেই মেনে নেবেন না।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত