আগামী ১৯ নভেম্বর ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরেজমিনে দেখতে লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, এই সামাজিক আন্দোলনের মাধ্যমে লালমনিরহাট জেলাকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ উদ্যোগ সফল হলে লালমনিরহাট সারা দেশের জন্য একটি রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ কোনো রাজনৈতিক আন্দোলন নয়। জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় নেতৃত্বস্থানীয় ব্যক্তি, শিক্ষক, ইমাম, শিক্ষার্থী, সাংবাদিক, খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মীরা যুক্ত রয়েছেন।
তিনি জানান, গত ৪ জুলাই রাষ্ট্রপতি এই নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চার মাসের মাথায় প্রধানমন্ত্রী নিজে লালমনিরহাটে এসে কর্মসূচিটির বাস্তবায়ন কার্যক্রম দেখবেন। বাংলাদেশে এমন কোনো কর্মসূচি বা আন্দোলন নেই, যেখানে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান দুজনই সরাসরি সম্পৃক্ত রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
ত্রাণমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী এই কর্মসূচি নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরির নির্দেশ দিয়েছেন। পরবর্তী সময়ে অন্যান্য জেলার সংসদ সদস্যদের সেটি দেখানো হবে, যাতে উদ্যোগটি সারা দেশে কার্যকর করা যায়।
এ ছাড়া ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, এই আন্দোলনের কারণে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বর্তমানে চীন, নেদারল্যান্ডস ও ভারত যৌথভাবে এ অঞ্চলে কাজ করতে আগ্রহী। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অত্যন্ত আন্তরিক। ২০২৭ সালে আনুষ্ঠানিকভাবে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু করা হবে।
সামাজিক অবক্ষয় রোধ ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, বড় ভবন বা স্কুল নির্মাণ করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হয় না, যদি সেই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মাদক সেবন করা হয়। পোশাকের চেয়ে চরিত্রের সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি স্বেচ্ছাসেবকদের নীতিবোধ ও আদর্শ ধারণ করে সমাজ পুনর্গঠনে কাজ করার দিকনির্দেশনা দেন।
পাটগ্রামের সাহেবডাঙা স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারসহ অনেকে।
জ/দি