মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক যুদ্ধ ঘোষণার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে। মানব পাচারকারীরা সমাজের শত্রু।
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় মানব পাচারকারীরা মানুষকে ভুল বুঝিয়ে ও নানা প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকার বিনিময়ে অবৈধ পথে বিদেশে পাচার করছে। এতে অনেকেই ঝুঁকির মুখে পড়ছেন, এমনকি অনেকের মৃত্যুও হচ্ছে।
আজ শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সরকার মানব পাচারকারীদের দমনে সক্রিয় রয়েছে জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমরা মানব পাচারকারীদের শনাক্ত করতে গভীরভাবে কাজ করছি। দেশে-বিদেশে সক্রিয় মানব পাচার চক্র অবৈধভাবে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের ধরার জন্য শুধু বাংলাদেশ নয়, আমরা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কথা বলছি। কীভাবে এই মানব পাচারকারীদের আইনের আওতায় আনা যায় এবং কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া যায়, সেগুলো আলোচনায় রয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এই মানব পাচারকারীদের কারণে তিতাসের মতো একজন সেনাসদস্য নিহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আর কোনো তিতাসকে যাতে প্রাণ দিতে না হয়, তাই মানব পাচারকারীদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের প্রতিটি গ্রাম পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।’
জ/দি