টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শামি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-07T09:32:40+06:00
2026-11-07T09:32:40+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শামি
স্পোর্টস ডেস্ক
⏲ ৯:৩২ এএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। এর মধ্য দিয়ে ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। তবে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শামি।

২০১৩ সালের নভেম্বরে টেস্ট অভিষেক হয়েছিল শামির। তার অভিষেক সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার।

অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন শামি। স্টাম্প লক্ষ্য করে নিখুঁত লাইন ও লেংথে বল করাই ছিল তার অন্যতম শক্তি। ওই ম্যাচে ভারতের পাওয়া ৯ উইকেটের মধ্যে ৭টিই এসেছিল শামির বোল্ড ও এলবিডব্লিউ থেকে। সিম সোজা রেখে বল করার সহজাত দক্ষতাও ছিল তার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টের দুই ইনিংসে ১১৮ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন শামি। এখনো সেটিই টেস্টে তার সেরা বোলিং পারফরম্যান্স। রিভার্স সুইংয়ে তার কার্যকারিতা এই পারফরম্যান্সকে আরও স্মরণীয় করে রেখেছে।

ভারতের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন শামি। এই সংস্করণে তার শিকার ২২৯ উইকেট। ভারতের টেস্ট ইতিহাসের সেরা পাঁচ পেসারের তালিকার ঠিক বাইরে অবস্থান করছেন তিনি।

টেস্ট অভিষেকের ১৩ বছর পূর্তির দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে নিজের দীর্ঘ যাত্রার স্মৃতিচারণা করেন শামি। তিনি বলেন, ‘এই ১৩ বছরের যাত্রায় এই ক্যাপ, এই বল আমাকে মোহাম্মদ শামি বানিয়েছে। উত্থান-পতন সবই ছিল। আমি পড়েছি, ব্যথা পেয়েছি, চোটও পেয়েছি। কিন্তু এই ব্যাজের জন্য আবার উঠে দাঁড়িয়েছি। তাই এই ১৩ বছরের যাত্রা খুব ভালো কেটেছে। আমার কোচ, ট্রেনার, ফিজিও এবং যারা সামান্য হলেও অবদান রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শামি বলেন, ‘বিশেষ করে ভক্তদের। ক্রিকেটভক্তরা এই নামটিকে যেভাবে গড়ে তুলেছেন, যে উৎসাহ দিয়েছেন, তা সব সময় মনে থাকবে। আপনাদের সবাইকে সবচেয়ে বড় ধন্যবাদ। ক্রিকেটের প্রতি যাদের এত ভালোবাসা ছিল এবং যারা এই নামকে এতদূর পৌঁছে দিয়েছেন, সেই সব ভক্তকে ধন্যবাদ।’

অবসরের দিনটি বেছে নেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমি এই টেস্ট ক্যাপ পেয়েছিলাম ৬ নভেম্বর, আর আজও ৬ নভেম্বর। তাই ১৩ বছরের এই যাত্রা আজই শেষ করা যাক। আজই আমার অভিষেক হয়েছিল, আর আজই অবসর নিচ্ছি।’

টেস্ট থেকে সরে দাঁড়ালেও সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শামি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এটা ছেড়ে যাচ্ছি, তবে সাদা বলের ক্রিকেট খেলে যাব। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট। ফিটনেসের জন্য দরকার হলে দিনের খেলাও (প্রথম শ্রেণির ক্রিকেট) খেলব। কিন্তু আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নয়। এই ছিল এত দিনের যাত্রা। আজই শুরু করেছিলাম, আজই শেষ করছি।’

শামির অবসরের ঘোষণায় ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ টেস্ট। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের।

টেস্ট ক্যারিয়ারে শামির বোলিং গড় ২৭.৭১ এবং স্ট্রাইক রেট ৫০.২। ভারতের মাটিতে তার বোলিং গড় আরও ভালো—২২.১। দেশের মাটিতে প্রতি ৪২.৬ বলে একটি করে উইকেট নিয়েছেন তিনি। ভারতের হয়ে দেশের মাটিতে তার চেয়ে ভালো স্ট্রাইক রেট রয়েছে মাত্র তিনজন বোলারের।

উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের আমরোহায় জন্ম শামির। ক্রিকেটে সুযোগের সন্ধানে একসময় বাড়ি ছাড়েন তিনি। পরে বাংলায় এসে সেই সুযোগ পান। ২০১০ সালের নভেম্বরে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তার। এখনো বাংলার হয়ে খেলছেন এই পেসার। চলতি সপ্তাহের শুরুতে বাংলার সর্বশেষ ম্যাচেও দলে ছিলেন তিনি। আর আইপিএলে সর্বশেষ লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন শামি।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত