আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের খবরে আবেগাপ্লুত ফুটবল বিশ্ব। ভক্ত, সাবেক ও বর্তমান ফুটবলারদের পর এবার পর্তুগিজ মহাতারকার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর মতে, ক্যারিয়ারে রোনালদো এমন কিছু অর্জন করেছেন, যার পুনরাবৃত্তি করা প্রায় অসম্ভব।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ইনফান্তিনো রোনালদোর অসাধারণ প্রতিভা, দৃঢ় সংকল্প ও ফুটবলে অবদানের প্রশংসা করেন।
ফিফা সভাপতি বলেন, রোনালদোর মতো খুব কম খেলোয়াড়ই ভক্তদের হৃদয় জয় করতে পেরেছেন। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং নিজের সামর্থ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টাই তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের পরিচয়।
ইনফান্তিনো আরও বলেন, ক্রিশ্চিয়ানো এমন কিছু কীর্তি গড়েছেন, যার পুনরাবৃত্তি হয়তো কখনো সম্ভব হবে না। তিনি একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন এবং লাখ লাখ ভক্তকে এক সুতোয় বেঁধেছেন। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পর্তুগালের আশা ও গৌরবও বহন করেছেন এই মহাতারকা।
রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের অবদান স্মরণ করে ফিফা সভাপতি বলেন, ‘ধন্যবাদ ক্রিশ্চিয়ানো। আপনার ভালোবাসা, অবিস্মরণীয় মুহূর্ত এবং আমাদের সুন্দর খেলায় বিশাল অবদানের জন্য। অনেক গর্বের সঙ্গে পর্তুগালের জাতীয় দলের জার্সি পরেছেন আপনি। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’
জ/শা