অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক তারকা ব্যাটার মাইক হাসি। ২০২৭ সালের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দলকে সহযোগিতা করবেন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের অধীনে স্বল্পমেয়াদে কাজ করেছেন হাসি। প্রতি বছর পার্থ টেস্টের আগে অতিরিক্ত ব্যাটিং পরামর্শক হিসেবে দলের সঙ্গে যুক্ত হলেও ধারাভাষ্য, আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ ওয়েলশ ফায়ারের কোচিংয়ের দায়িত্বে থাকায় দীর্ঘ সময় কাজের সুযোগ হয়নি তাঁর।
সম্প্রতি ইংল্যান্ড টেস্ট দলের কোচিং স্টাফেও যুক্ত হওয়ার প্রস্তাব পেয়েছিলেন হাসি। তবে সেই প্রস্তাবে রাজি হননি তিনি। ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে ইংল্যান্ড দলেও তাঁদের একসঙ্গে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছিল। এ ছাড়া ২০২২ সালে ম্যাথু মটের অধীনে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন হাসি।
অস্ট্রেলিয়ার কোচিং পরামর্শকের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হাসি বলেন, আগামী বছরগুলোতে আরও আনুষ্ঠানিক ও অর্থবহ ভূমিকায় দলের অংশ হতে পেরে তিনি আনন্দিত। সাম্প্রতিক সময়ে দলটি অনেক অর্জন করেছে উল্লেখ করে সামনে আসা চ্যালেঞ্জিং সময়ে কোচ ও খেলোয়াড়দের পাশে থেকে অবদান রাখার আশাবাদ জানান তিনি।
হাসির অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, অতীতে মাইক কোচিং স্টাফের অত্যন্ত মূল্যবান সদস্য ছিলেন। বিভিন্ন ফরম্যাট, প্রতিযোগিতা ও দেশে খেলোয়াড় এবং কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। ব্যক্তি হিসেবেও তিনি অসাধারণ গুণের অধিকারী।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের কার্যক্রমে হাসি বিশেষভাবে মনোযোগ দেবেন। অন্যদিকে, আসন্ন বড় সিরিজগুলোর প্রস্তুতিতে ব্যস্ত থাকায় প্রধান কোচ ম্যাকডোনাল্ড কিছু টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করবেন না। তাঁর পরিবর্তে সহকারী কোচ আন্দ্রে বোরোভেক দায়িত্ব সামলাবেন। এসব কার্যক্রমে তাঁর সঙ্গে থাকবেন মাইক হাসিও।