জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) দায়িত্ব পালনে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আজ রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
এ সময় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন বিমান বাহিনী প্রধান। মিশনের সার্বিক সাফল্য কামনায় অনুষ্ঠানে বিশেষ মোনাজাতও করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর চারটি এমআই সিরিজের হেলিকপ্টার ও বিভিন্ন সরঞ্জামসহ ১৩৪ সদস্যের একটি কন্টিনজেন্ট বর্তমানে ডিআর কঙ্গোতে নিয়োজিত রয়েছে। তাদের স্থলাভিষিক্ত হবে ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩।
ইতোমধ্যে এই ইউনিটের ২৩ সদস্য কঙ্গোতে পৌঁছেছেন। বাকি সদস্যরা আগামী ৪ নভেম্বর দেশটির উদ্দেশে যাত্রা করবেন। এ দলের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
জ/উ