বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে হ্যালোইন উৎসব। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। এতে যোগ দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। হ্যালোইন উপলক্ষে সম্পূর্ণ ভিন্ন ও রহস্যময় সাজে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে অপুকে দেখা গেছে গথিক ধাঁচের এক ব্যতিক্রমী অবতারে। কুচকুচে কালো লেসের স্লিট গাউন পরা অভিনেত্রীকে ঝুলন্ত ল্যাম্পের নিচে সোফায় শুয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে হাতে প্রাচীন ধাঁচের লণ্ঠন বা ল্যাম্প নিয়ে রহস্যময় দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি।
অপুর এই সাজে ছিল গাঢ় লাল লিপস্টিক, ভারী মেকআপ ও ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল। চোখে কনটাক্ট লেন্সের ব্যবহার তাঁর পুরো সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। সব মিলিয়ে পরিচিত গ্ল্যামারাস লুকের বাইরে গিয়ে এক অচেনা রূপে হাজির হয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পড়ে। ভক্ত-অনুরাগীরা তাঁর নতুন সাজের প্রশংসা করেছেন। মন্তব্যের ঘরেও দেখা গেছে নানা ধরনের প্রতিক্রিয়া।
ফ্যাশন ও ব্যতিক্রমী সাজসজ্জার কারণে প্রায়ই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। এবার হ্যালোইন উৎসবের রহস্যময় সাজেও ভক্তদের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি।
জ/উ