ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে দেশটির জন্য বাংলাদেশের ট্রানজিট ও করিডোর সুবিধা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে ভারতের সঙ্গে সমঝোতা করেই বিএনপি ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন তিনি।
আজ রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীতে এনসিপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, তরুণদের রক্তদানের মধ্য দিয়ে দেশে পটপরিবর্তন হয়েছে। তবে এই পরিবর্তনকে কেবল ক্ষমতার পালাবদল হিসেবে দেখতে চাননি তারা। তাঁর অভিযোগ, বর্তমান সরকার এই পটপরিবর্তনকে শুধু ক্ষমতার পরিবর্তন হিসেবেই দেখছে। গত সাত মাসে তরুণদের জন্য সরকার কী করেছে, তা মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম গণভোটের রায় বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দেশের স্বার্থে পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানান। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ভারতের সঙ্গে পানিবণ্টন প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, ‘যদি নদীতে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি পানি না আসে, তাহলে কোনো করিডোর হবে না, ট্রানজিট হবে না। যদি বাংলাদেশের নদীতে পানি না আসে, তবে কোনো ভারতীয় চ্যানেল এ দেশে চলবে না।’
অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১১ দলীয় জোটে কোনো দূরত্ব তৈরি হয়নি; বরং জোটের শরিকরা আরও কাছাকাছি রয়েছে। পাশাপাশি নিজস্ব রাজনৈতিক অবস্থান বজায় রেখে মাঠে থাকার কথাও জানান তিনি।
জ/উ