কুমিল্লায় অস্ত্র হাতে ‘এসবিএস’ নামে একটি কিশোর গ্যাংয়ের স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি অস্ত্র হাতে কয়েকজন কিশোরের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় রাতভর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ‘এসবিএস’ কিশোর গ্যাংয়ের তিন সদস্য-কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উনাইসার এলাকার ভাড়াটিয়া লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭) এবং কালা মিয়ার ছেলে হাবিব (১৭)। অপরজন একই এলাকার ভাড়াটিয়া ও ‘সিটিজি’ গ্রুপের অ্যাডমিন শাওন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। থানা এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
জ/উ