কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তবর্তী পালংখালী এলাকায় মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিশোরটির বয়স আনুমানিক ১৪ বছর। আজ রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বালুখালী বিজিবি বিওপির বাংলাদেশ সীমান্ত পিলার ২৮ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারকাটি এলাকার মামুনের একটি মাছের ঘেরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত কিশোরের নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বাবা-মায়ের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কিশোরটির পরিচয় শনাক্ত করা যায়নি।
জ/উ