দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে। তারেক রহমান দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। কিন্তু এসব উদ্যোগ উপেক্ষা করে গার্মেন্টস আন্দোলনের নামে যুবলীগ ও ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
আজ রোববার রাজধানীর কোর্ট হাউস স্ট্রিট এলাকার ঢাকা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, একদিকে পরাজিত শক্তি রয়েছে, অন্যদিকে আরেকটি পক্ষ তাদের সঙ্গে একত্র হয়েছে। তবে বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা পালাতে পারব না। বিদেশে আমাদের কোনো প্রভু নেই, যারা আমাদের আশ্রয় দেবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব।’
বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ‘আজ যারা বিরোধী দলের রাজনীতি করছেন, তাদের ভূমিকা বিস্ময়কর মনে হয়। তারা নানা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। সংস্কারের কথা বলে তারা কী বোঝাতে চাচ্ছেন, আমরা তার হদিস পাচ্ছি না। জামায়াতের আমির বলছেন, আরেকটি বিপ্লব নাকি দরজায় টোকা মারছে। আপনারা বিপ্লবের কথা বলছেন, অথচ আপনাদের রাজনীতি হচ্ছে আত্মসমর্পণ আর স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস।’
দাবি আদায়ের কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, ‘সাত দফা না মেনে নিলে এক দফার ভয় কাকে দেখাচ্ছেন? রাজপথ কি কারও মৌরশি পাট্টা (পৈতৃক সম্পত্তি) করে দেওয়া হয়েছে? ১৭ বছর ধরে নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছে বিএনপি। এখন কি হাত গুটিয়ে বসে থাকবে?’
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, এগুলো মানতে বিএনপির কোনো অস্বীকৃতি নেই। তবে নোট অব ডিসেন্টের বিষয়গুলোর সমাধান সংসদে আলোচনার মাধ্যমেই করতে হবে, লংমার্চের মাধ্যমে নয়।
জ/উ