বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার ভক্তদের সঙ্গে যোগাযোগের পরিসর বাড়াতে নতুন একটি মাধ্যমে যুক্ত হয়েছেন তিনি। খুলেছেন নিজের ইউটিউব চ্যানেল।
নতুন চ্যানেলের বিষয়টি ভক্তদের জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনময়ী একটি ছবি প্রকাশ করেছেন ফারিয়া। ছবির ক্যাপশনে অনুসারীদের উদ্দেশে লিখেছেন, ‘দয়া করে মন্তব্যের ঘর দেখেন।’ তাঁর এমন ইঙ্গিতপূর্ণ আহ্বানে পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন অভিনেত্রীর ভিডিও শেয়ার করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেছেন। তবে নতুন ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও বা কনটেন্ট প্রকাশ করবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ফলে চ্যানেলটির মাধ্যমে ভক্তদের জন্য কী চমক নিয়ে আসছেন ফারিয়া, তা জানতে আগ্রহী তাঁর অনুসারীরা।
২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করেন অশোক পতি।
এর পরের বছর ‘বাদশা: দ্য ডন’ সিনেমায় অভিনয় করেন তিনি। বাবা যাদব পরিচালিত এ ছবিতে ফারিয়ার সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা জিৎ। সিনেমাটি তাঁর অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। ছবিতে অভিনয়ের জন্য বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টেলি সিনে পুরস্কারও অর্জন করেন নুসরাত ফারিয়া।
জ/উ