‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু দাশ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, যুবদল সভাপতি মাহবুবুর রহমান এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈদ আশিক চিশতি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। এ জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় যুব সংগঠনগুলোকেও কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবকদের স্বাবলম্বী করে তুলতে যুবঋণ, প্রশিক্ষণ সনদ, যুব সংগঠনের নিবন্ধন সনদ এবং অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সফল উদ্যোক্তা ও যুবকদের হাতে যুব পুরস্কার তুলে দেওয়া হয়।
পরে বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় গাছের চারাও বিতরণ করা হয়।
জ/উ