বাড়িভাড়া বিলের প্রতিবাদে উত্তাল পর্তুগাল, ক্যাম্প উচ্ছেদ করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-01T12:36:13+06:00
2026-11-01T12:36:13+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
বাড়িভাড়া বিলের প্রতিবাদে উত্তাল পর্তুগাল, ক্যাম্প উচ্ছেদ করল পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১২:৩৬ পিএম | ১ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
বাড়িভাড়া সংক্রান্ত বিতর্কিত বিল বাতিলের দাবিতে পর্তুগালের রাজধানী লিসবনে হাজারো মানুষের বিক্ষোভের পর রোসিও স্কয়ারে গড়ে তোলা তাবু ক্যাম্প উচ্ছেদ করেছে পুলিশ। রবিবার ভোরে পুলিশি অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। একই সঙ্গে দেশটির পোর্তো শহর থেকেও একটি ছোট তাবু ক্যাম্প সরিয়ে দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের প্রস্তাবিত ভাড়া আইন কার্যকর হলে পর্তুগালের চলমান আবাসন সংকট আরও গভীর হবে। এ কারণে বিলটি প্রত্যাহারের দাবিতে সংখ্যালঘু মধ্য-ডানপন্থী সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন আবাসন আন্দোলনকারীরা।

পর্তুগাল বর্তমানে ইউরোপের অন্যতম গুরুতর আবাসন সংকটের মুখোমুখি। বিশেষ করে তরুণ জনগোষ্ঠী এ সংকটে সবচেয়ে বেশি ভুগছে। ২০১৭ সালের পর থেকে দেশটিতে বাড়ির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সময়ে নতুন চুক্তির ক্ষেত্রে বাড়িভাড়াও প্রায় দ্বিগুণ হয়েছে।

সম্প্রতি আবাসন ব্যয়ের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালে আন্দোলন আরও জোরালো হয়েছে। ইউরোপের স্পেন, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশেও আবাসন ব্যয় নিয়ে একই ধরনের অসন্তোষ ও বিক্ষোভ দেখা যাচ্ছে।

শনিবার লিসবনের কেন্দ্রীয় এলাকায় হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আন্দোলনকারীরা শহরের অন্যতম প্রধান রোসিও স্কয়ারে ৫০টির বেশি তাবু স্থাপন করেন। তাঁদের উদ্দেশ্য ছিল সরকারের প্রস্তাবিত ভাড়া আইন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া।

রবিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পুলিশ ক্যাম্পটি ঘিরে ফেলে। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে প্রশিক্ষিত কুকুরও ছিল। অভিযানের আগে পুলিশ কমান্ডার ইউরি রদ্রিগেজ বিক্ষোভকারীদের তিন দফা সতর্ক করেন। তিনি জানান, অনুমতি ছাড়া স্থাপন করা তাবুগুলো সরিয়ে না নিলে সেগুলো ভেঙে দেওয়া হবে। পাশাপাশি পুলিশের কাজে বাধা দিলে আইন অমান্যের অভিযোগ আনা হতে পারে বলেও সতর্ক করা হয়।

ক্যাম্পের চারপাশে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হলে পুলিশ ঢাল ও লাঠি ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে পোর্তোর দোম জোয়াও প্রথম স্কয়ার থেকেও তুলনামূলক ছোট একটি তাবু ক্যাম্প সরিয়ে দেয় পুলিশ।

এর আগে সোশ্যালিস্ট পার্টির আইনপ্রণেতা পেদ্রো দেলগাদো আলভেস বলেন, রোসিও স্কয়ারে পরিস্থিতি শান্ত ছিল। সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি, যার কারণে লাঠিচার্জ বা শারীরিক শক্তি প্রয়োগের মতো পুলিশি পদক্ষেপকে যৌক্তিক বলা যায়। গত সপ্তাহেও একই ধরনের দৃশ্য দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে একই এলাকাগুলো থেকে তাবু ক্যাম্প উচ্ছেদের সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি ডজনখানেক মানুষকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা হয়েছিল।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী লুই নেভেস বলেছেন, সরকার বিক্ষোভের বৈধতাকে সম্মান করে। তবে প্রতিবাদ কর্মসূচি যেন শৃঙ্খলা, ভদ্রতা ও আইন মেনে পরিচালিত হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বিক্ষোভকারীরা যে বিলটি বাতিলের দাবি জানাচ্ছেন, তাতে বাড়ির মালিকদের জন্য উচ্ছেদ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি নতুন ভাড়ার ওপর আরোপিত সর্বোচ্চ সীমার বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে। সুদূর-ডানপন্থী রাজনৈতিক দল চেগা ভোটদানে বিরত থাকায় বিলটি পার্লামেন্টে প্রথম পাঠে পাস হয়।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী লুই মোন্তেনেগ্রো বিলটি পুরোপুরি বাতিলের সম্ভাবনা নাকচ করে দেন। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিতব্য চূড়ান্ত ভোটের আগে এতে সংশোধনী আনার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন। তবে সরকারের মূল কর্মপরিকল্পনা নিজস্ব এজেন্ডার ভিত্তিতেই পরিচালিত হবে বলেও স্পষ্ট করেন তিনি।

অন্যদিকে সোশ্যালিস্ট পার্টির নেতা হোসে লুই কার্নেইরো শনিবার সরকারের প্রতি বিরোধী দল ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, অহংকারের বশে নিজেদের চিন্তাভাবনা চাপিয়ে দেওয়া কিংবা কখনো কখনো কর্তৃত্ববাদী মনোভাব দেখানোর পরিবর্তে সরকারের উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা। তথ্যসূত্র: রয়টার্স

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত