ইরানের আরও দুই স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-01T11:51:34+06:00
2026-11-01T11:51:34+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানের আরও দুই স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:৫১ এএম | ১ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির আরও এক বা দুটি স্থাপনায় হামলা চালানো বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাও রয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

এ সময় ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানকে খুব বেশি বিশ্বাস করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানের সামরিক বাহিনী ও পারমাণবিক কর্মসূচির বড় অংশ ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। ফলে দেশটিতে নতুন করে হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের এখনই তেমন কোনো তাড়াহুড়ো নেই।

ট্রাম্প বলেন, “আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। তবে আমার মতে, এখনও এক বা দুটি স্থাপনার বিষয়টি বাকি আছে। সেগুলো আমরা ১০ মিনিটের মধ্যেই ধ্বংস করতে পারি।”

এ সময় ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটির বিষয়েও ব্যবস্থা নিতে হবে। ট্রাম্পের ভাষায়, “আমরা খুব দ্রুতই এসব কাজ করতে পারি।”

‘পিকঅ্যাক্স মাউন্টেন’কে ইরানের একটি সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। তবে সেখানে কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে-এমন অভিযোগ অস্বীকার করে আসছে ইরান সরকার।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলার কথা জানানো হচ্ছে। একদিকে আলোচনায় অগ্রগতির কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট, অন্যদিকে ইরানের আরও এক বা দুটি স্থাপনায় হামলার সম্ভাবনার কথাও তুলে ধরছেন তিনি। সূত্র: ডন নিউজ ও এএফপি

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত