নেত্রকোনার পূর্বধলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার যাত্রাবাড়ী বাজার এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পূর্বধলা থানা পুলিশ। আটক মো. নুরুজ্জামান উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ভটপুর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে নুরুজ্জামানের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য রাখার দায়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে।