রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
আজ শনিবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১৭৫ জন, গুলশান বিভাগে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩৪ জন রয়েছেন।
পুলিশের অভিযানে ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন ও ২২২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, দুটি চাকু, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং নগদ ১৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। এ সময় দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
জ/উ