ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে তাঁরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। এতে মিরপুর-১০সহ আশপাশের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।
এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের সময় সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।
এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের একাধিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সপ্তাহের শেষ কার্যদিবসে ওই অবরোধের কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ওই পথে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
জ/উ