অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-30T14:52:14+06:00
2026-10-30T14:52:14+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৫২ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
জাপান থেকে ফেরার পথে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দেশে ফিরতে বিলম্ব হলেও সফরসঙ্গীদের সবাইকে সঙ্গে নিয়েই ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাইলে অন্য বিমানে দেশে ফেরার সুযোগ ছিল তার। তবে সফরসঙ্গীদের সেখানে রেখে একা ফিরতে চাননি তিনি। এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, জাপান থেকে ফেরার আগে বিমানে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এ অবস্থায় প্রধানমন্ত্রী চাইলে অন্য কোনো বিমানে দেশে ফিরতে পারতেন। কিন্তু সফরসঙ্গীদের সেখানে রেখে তিনি তা করতে চাননি। বরং ওই সময় বিমানের অন্য যাত্রীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করেন। শেষ পর্যন্ত সবাইকে সঙ্গে নিয়েই দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জাপান থেকে বিমান ছাড়ার আগে পর্যবেক্ষণের সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে সেটি বড় কোনো সমস্যা ছিল না। পরে সফটওয়্যারের মাধ্যমে দ্রুত ত্রুটির সমাধান করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন বলেও জানান তিনি।

আতিকুর রহমান রুমন বলেন, ‘তিনি তাৎক্ষণিক বিমানের যাত্রীদের অভয় দেন। বিশেষ করে বাচ্চারা যেন কান্নাকাটি না করে, তারা যেন ভালোভাবে ফিরতে পারে, সে বিষয়ে খোঁজ নিয়েছেন।’

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত