খাদ্যশস্য সংরক্ষণের অবকাঠামো নির্মাণে আগামী ১০ থেকে ১৫ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে টেকসই পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। আজ বৃহস্পতিবার ঢাকায় খাদ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্যের মজুত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গুদামের অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করতে হবে। খাদ্যশস্যের উৎপাদন বেশি হয়, এমন এলাকায় গুদাম নির্মাণে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পুরোনো গুদাম সংস্কারেও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বক্তব্য দেন। তারা খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা, গুদামের মান উন্নয়ন এবং নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ