স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন উনাই সিমন। তিবো কোর্তোয়া ও এমিলিয়ানো মার্তিনেসকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করেছেন স্পেনের এই গোলরক্ষক, যিনি বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসও জিতেছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সিমনের হাতে তুলে দেওয়া হয় পুরস্কারটি।
বর্ষসেরা গোলরক্ষকের স্বীকৃতি পেতে মোট ১০ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে তাঁকে। মনোনীতদের তালিকায় ছিলেন কেপ ভার্দের প্রথম বিশ্বকাপ অভিযানে নজরকাড়া পারফরম্যান্স করা গোলরক্ষক ভজিনিয়াও। তবে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শেষ পর্যন্ত পুরস্কার জিতে নেন সিমন।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ক্লাব ফুটবলেও ধারাবাহিকতা দেখিয়েছেন আথলেতিক বিলবাওয়ের এই গোলরক্ষক। বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৬২ ম্যাচ খেলে ২২টিতে নিজের জাল অক্ষত রাখেন সিমন।
এদিকে নারী বিভাগে সেরা গোলরক্ষকের পুরস্কার ‘লেভ ইয়াশিন ট্রফি’ জিতেছেন বার্সেলোনার কাতা কোল। গত মৌসুমে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, উইমেন’স লিগ, কোপা দে লা রেইনা ও সুপার কাপের শিরোপা জিতেছেন তিনি।
জ/শা