রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস বৈরাগীগঞ্জ এলাকায় পৌঁছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর বাসটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। এ ঘটনায় আহত ১০ থেকে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
জ/শা