স্পেনের মালাগা শহরের সঙ্গে কৃষি, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) স্পেনের মালাগা সিটি মেয়রের কার্যালয়ে শহরটির মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে মালাগার মেয়রকে অবহিত করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ প্রক্রিয়ায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সহযোগিতার প্রশংসা করেন তিনি।
আলোচনায় স্পেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে মালাগা শহরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, পর্যটন এবং সৃজনশীল অর্থনীতির বিষয়গুলো উঠে আসে।
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার মানবিক আশ্রয়দানের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন মালাগার মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোস। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার পৌর সরকারের মধ্যে ভবিষ্যতে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
জ/শা