গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, খুলনা বিভাগে ২৫০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ১১২ জন, বরিশাল বিভাগে ২১৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে ১ লাখ ২১ হাজার ৪২৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৪১৫ জন।
এর আগে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৪১৩ জন।
অন্যদিকে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। সে বছর এ রোগে প্রাণ হারান ৫৭৫ জন।
জ/উ