পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-27T13:13:16+06:00
2026-10-27T13:13:16+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১৩ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

সানায়ে তাকাইচি বলেন, দুই দেশের সহযোগিতার অন্যতম ভিত্তি ‘বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল’ বা ‘বিগ-বি’ উদ্যোগ আরও সম্প্রসারণ করা হচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক জোরদারে শিগগিরই বাংলাদেশে জাপানি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানো হবে বলেও জানান তিনি।

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করতে দ্রুততম সময়ে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) কার্যকর করা এবং বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন জাপানের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দুই দেশের নতুন কৌশলগত অংশীদারত্ব চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। এগুলো হলো—আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, সরকারি-বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি ও নিয়মনীতি প্রণয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা।

অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা খাতেও বাংলাদেশের সক্ষমতা বাড়াতে জাপান কাজ করবে বলে জানান তাকাইচি। সামুদ্রিক নিরাপত্তা জোরদারে সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচির আওতায় বাংলাদেশকে টহল জাহাজ দেওয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।

এ ছাড়া, অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এবং প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রেখে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন জাপানের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে সানায়ে তাকাইচি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত