গত ১৭ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নেওয়া অপরিকল্পিত ব্যবস্থাপনার ভার বাংলাদেশকে আরও ৫০ থেকে ৬০ বছর বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
নবায়নযোগ্য জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ খাতের প্রয়োজনীয় সব যন্ত্রপাতি সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে বলেও জানান তিনি।
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, সোলার প্যানেল স্থাপনে বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি ছাদের মালিকদের জন্য ভাড়ার সুবিধাজনক ব্যবস্থা করা হয়েছে। সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুৎ যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন, সে ব্যবস্থাও করা হয়েছে।
জ/উ