অভিনেত্রী পরীমনির জন্মদিন আজ ২৪ অক্টোবর। প্রতি বছরের মতো এবারও কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজনে বিশেষ দিনটি উদ্যাপন করেছেন তিনি। এবারের জন্মদিনের আয়োজন সাজিয়েছেন শিউলি ফুলের আবহে।
জন্মদিনের অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়ি সাজানো হয়েছিল শিউলি ফুল দিয়ে। শুধু আয়োজনেই নয়, পরীমনির পরনের শাড়িতেও ছিল শিউলি ফুলের নকশা।
অভিনেত্রী জানান, অক্টোবর মাসের ফুল হিসেবে শিউলির কথাই প্রথমে তাঁর মাথায় এসেছিল। সে ভাবনা থেকেই এবারের জন্মদিনে শিউলি ফুলকে কেন্দ্র করে সাজানো হয় পুরো আয়োজন।
জন্মদিনের থিম ও শাড়ি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই এটা করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে। সেই ফুলও পুরোপুরি ব্যবহার করতে পারিনি। ভেতরে ঢোকার সময় সিঁড়িতে নিশ্চয়ই দেখেছেন শিউলি ফুল বিছিয়ে রাখা আছে। আমি চেয়েছিলাম পুরোটাই শিউলি ফুলের বাগান করে ফেলতে। কিন্তু সেটা তো সম্ভব না। তাই নিজেই একটু শিউলি ফুলের মতো সাজলাম।’
জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। তাঁদের ভালোবাসার প্রতিদানে ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’
পরীমনিকে সর্বশেষ দেখা গেছে গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।
জ/শা