ডিএনসিসির টেন্ডারে দলীয় পরিচয়ের সুযোগ নেই: প্রশাসক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-26T16:56:45+06:00
2026-10-26T16:56:45+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ডিএনসিসির টেন্ডারে দলীয় পরিচয়ের সুযোগ নেই: প্রশাসক
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৫৬ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব টেন্ডার কার্যক্রম ই-জিপি (e-GP) পদ্ধতিতে সরকারি বিধি মেনে পরিচালিত হয় বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়ায় দলীয় পরিচয়ের কোনো সুযোগ নেই। রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে সামাজিক উন্নয়ন সংস্থা ফুটস্টেপসের ‘নগর বাগান’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাম্প্রতিক একটি গণমাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করে প্রশাসক বলেন, ই-জিপির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান ও কার্যাদেশ দেওয়া হয়। এ বিষয়ে প্রকাশিত খবরকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল সাংবাদিকতা ও সততা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা মহানগরীকে আধুনিক, সবুজ ও বাসযোগ্য করে গড়ে তুলতে ডিএনসিসি ও ফুটস্টেপসের যৌথ উদ্যোগের কথা তুলে ধরেন প্রশাসক।

তিনি বলেন, ঢাকার পরিবেশ উন্নয়ন ও নগর আধুনিকায়নে ফুটস্টেপস দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা রাখছে। খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা ও নগরজুড়ে সবুজায়নের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে মগবাজারের দীর্ঘদিনের পরিত্যক্ত জায়গায় নান্দনিক নগর বাগান গড়ে তোলা হয়েছে।

প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডিএনসিসি ধারাবাহিকভাবে কাজ করছে। গুলশান লেক সংস্কার, দৃষ্টিনন্দন গ্রাফিতি আঁকা এবং বসিলার ৪০ ফুট খালের অবহেলিত পরিবেশের উন্নয়ন এ কার্যক্রমের অংশ। বসিলার খাল এলাকায় পথচারীদের বসার বেঞ্চ, ডাস্টবিন ও সড়কবাতিও স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

বসিলা খালের পরিচ্ছন্নতা প্রসঙ্গে শফিকুল ইসলাম খান বলেন, ৪৫ দিনের বিশেষ কর্মসূচির আওতায় সেখানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

নগরীর অবৈধ দখল উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসক বলেন, নাগরিকদের সুবিধা নিশ্চিত করা এবং যানজট কমাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, দীর্ঘ ২৫ বছর ধরে দখলে থাকা মিরপুর ১০ নম্বর এলাকার একটি ফুটপাত উদ্ধার করা হয়েছে। জনগণের করের টাকায় নির্মিত ফুটপাত নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করার জন্য-এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সফলতা এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেন এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত