রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে ঘটনাটি পরিকল্পিত হামলার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন আসিফ আকবর। তাঁর ধারণা, দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করেই গুলি ছুড়েছিল, কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে কেউ ছিলেন না। ফলে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার পর পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে বাসায় ফেরেন আসিফ আকবর। ওষুধ খেয়ে বিশ্রাম নেওয়ার পর বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। নিজের শারীরিক অবস্থার বিষয়ে এই সংগীতশিল্পী জানান, তিনি সুস্থ আছেন এবং শঙ্কার কোনো কারণ নেই। পাশাপাশি পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনার সময় নিজের অবস্থান সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘যখন ঘটনাটা ঘটে আমি অফিসে ছিলাম। তখন সিসিটিভিতে দেখছিলাম, শুধু গুলির শব্দটা পাইনি। ঘড়িতে তখন ভোর ৪টা ৫২ কিংবা ৫৪ মিনিট হবে। সেসময় আমার গাড়িতে কেউই ছিল না।’
কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে নির্দিষ্ট কাউকে সন্দেহ করছেন না বলে জানান আসিফ। তবে তাঁর ধারণা, দুর্বৃত্তরা তাঁর অফিসে যাওয়া-আসার সময় সম্পর্কে আগে থেকেই জানত।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই। রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে।’
ঘটনার সময় অফিসে স্বাভাবিক কাজকর্ম করছিলেন এই গায়ক। ছেলের সঙ্গে কথা বলার কারণে সেদিন কিছুটা বেশি সময় অফিসে অবস্থান করেন তিনি। এ সময় সিসিটিভি ক্যামেরায় নিজের মতো দেখতে একজনকে হেঁটে যেতে দেখেছিলেন বলেও জানান আসিফ আকবর।
তাঁর ভাষ্য, ‘আমি আর কিছুক্ষণ পরেই নিচে নামতাম। ছেলের সঙ্গে কথা বলছিলাম বলে অফিসে আরো কিছুক্ষণ ছিলাম। আমি তখন সিসিটিভি ক্যামেরাতে দেখছিলাম, ওই সময় ঠিক আমার মতো একজন হেঁটে যাচ্ছিল, তারা হয়তো আমি ভেবে গুলিটা করে দিয়েছে।’
ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচের পার্কিং এলাকায় গাড়িটি রাখা ছিল। শনিবার ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় সেখানে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাতিরঝিল থানা-পুলিশ। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয়, হামলার উদ্দেশ্য কিংবা এর পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আসিফ আকবরকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
জ/শা