ক্যারিয়ারে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে ক্রিশ্চিয়ানো রোনালদোর আর কত গোল প্রয়োজন, তা নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। সৌদি প্রো লিগের হিসাবে, ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের রেকর্ড গড়তে আর মাত্র ১৮ গোল দূরে রয়েছেন পর্তুগিজ মহাতারকা। তবে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম অপ্টার হিসাবে, এই মাইলফলকে পৌঁছাতে তাঁকে করতে হবে আরও ১৯ গোল।
রোনালদোর সর্বশেষ গোলকে ঘিরেই এই হিসাবের বিভ্রান্তি তৈরি হয়েছে। গত পরশু রাতে সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ের ম্যাচে ক্যারিয়ারের ৯৮২তম গোল করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে গোলটি তাঁর নামে স্বীকৃতি দেওয়া নিয়ে দেখা দিয়েছে মতভেদ।
ম্যাচে আল নাসরের দ্বিতীয় গোলটি রোনালদোর নামে নথিভুক্ত করেছে লিগ কর্তৃপক্ষ। কিন্তু অপ্টার দাবি, গোলটি ছিল আত্মঘাতী। ফলে গোলের হিসাবে দুই পক্ষের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে।
ম্যাচের ৪৯ মিনিটে জোয়াও ফেলিক্সের ফ্রিকিক থেকে লাফিয়ে হেড করার চেষ্টা করেন রোনালদো। তবে বলটি তাঁর মাথায় স্পর্শ করেছিল কি না, তা রিপ্লে দেখেও নিশ্চিত হওয়া যায়নি। শেষ পর্যন্ত প্রতিপক্ষের ব্রাজিলীয় ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে বলের গতিপথ কিছুটা বদলে যায় এবং তা জালে জড়ায়।
গোলটির স্বীকৃতি নিয়ে বিতর্ক থাকলেও মাঠে রোনালদোর উদযাপনে কোনো দ্বিধা দেখা যায়নি। বল জালে প্রবেশ করার পরই নিজের চিরচেনা ‘সিউ’ উদযাপনে মেতে ওঠেন তিনি।
তবে অপ্টা গোলটিকে রোনালদোর ব্যক্তিগত হিসাবের মধ্যে না রাখায় তাঁর ক্যারিয়ারের গোলসংখ্যা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। ভবিষ্যতে হাজার গোলের মাইলফলক স্পর্শের সময় এই ধরনের গোলের স্বীকৃতি ও পরিসংখ্যানগত হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
লিগ কর্তৃপক্ষ ও অপ্টার হিসাবের এই পার্থক্য আপাতত রোনালদোর হাজার গোলের অভিযানে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জ/উ