গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় বাবা ও তাঁর ছয় বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) এবং তাঁর মেয়ে সামিরা আক্তার (৬)।
মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ভ্যানে থাকা রঞ্জু ও তাঁর মেয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
জ/উ