রাজশাহীর নবগঙ্গা থেকে নেত্রকোনার মগড়া, নদী রক্ষায় গবেষকদের মতবিনিময়

নেত্রকোনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-24T17:29:01+06:00
2026-10-24T17:29:11+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাজশাহীর নবগঙ্গা থেকে নেত্রকোনার মগড়া, নদী রক্ষায় গবেষকদের মতবিনিময়
নেত্রকোনা প্রতিনিধি
⏲ ৫:২৯ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬ | শনিবার
নেত্রকোনা প্রতিনিধি
নদী, মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক এবং নদীর অস্তিত্ব রক্ষার উপায় নিয়ে নেত্রকোনায় নদী গবেষক ও পরিবেশকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বিভিন্ন অঞ্চলের নদীর দখল, দূষণ ও ভরাটের সংকট এবং নদীনির্ভর মানুষের জীবন-জীবিকার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও নেত্রকোনা গ্রিন কোয়ালিশন কমিটির উদ্যোগে নেত্রকোনা শহরের সুগার অ্যান্ড স্পাইসি রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নেন রাজশাহী গ্রিন কোয়ালিশন কমিটির সভাপতি ও নদী গবেষক মাহাবুব সিদ্দিকী, কিশোরগঞ্জের নদী গবেষক ড. হালিমদাদ খান, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সভাপতি আবুল কালাম আল আজাদ, লেখক ও গবেষক সঞ্জয় সরকার, কবি ও গবেষক সোহরাব উদ্দিন আকন্দ, কবি রীনা পণ্ডিত, সাংবাদিক শ্যামলেন্দু পাল, নদী গবেষক তানভীর হায়াত খানসহ স্থানীয় নদী চিন্তক, গবেষক ও সাংবাদিকেরা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাহাবুব সিদ্দিকী ও ড. হালিমদাদ খান। তাঁরা বলেন, নদী কেবল পানিপ্রবাহের উৎস নয়; এটি মানুষের জীবন, সংস্কৃতি, অর্থনীতি ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দখল, দূষণ ও ভরাটের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীনির্ভর মানুষের জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা বলেন, নদীর সংকট মোকাবিলায় সমস্যার মূল কারণ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে গবেষক, পরিবেশকর্মী, স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি। পাশাপাশি নদী, হাওর ও জলাভূমির স্বাভাবিক বৈশিষ্ট্য সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।

ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সভাপতি আবুল কালাম আল আজাদ বলেন, “নদী, হাওর ও জলাভূমিকে শাসন করবেন না, অত্যাচার করবেন না। তা হলে আমরা ভালো থাকব।”

সভায় রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের নদী নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। আলোচনায় পদ্মা থেকে মগড়া পর্যন্ত বিভিন্ন নদীর বর্তমান পরিস্থিতি উঠে আসে। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং নদী ও মানুষের সম্পর্ক অটুট রাখতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোনা গ্রিন কোয়ালিশন কমিটির সহসভাপতি ও সাংবাদিক আলপনা বেগম।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত